তব রবিকর আসে কর বাড়াইয়া     এ আমার ধরণীতে।   সারাদিন দ্বারে রহে কেন দাঁড়াইয়া,     কী আছে কী চায় নিতে। রাতের আঁধারে ফিরে যায় যবে, জানি, নিয়ে যায় বহি মেঘ-আবরণখানি- নয়নের জলে রচিত ব্যাকুল বাণী     খচিত ললিত গীতে॥   নব নব রূপে বরনে বরনে ভরি   বুকে লহ তুলি সেই মেঘ-উত্তরী। লঘু সে চপল কোমল শ্যামল কালো, হে নিরঞ্জন, নাই বাস তারে ভালো, তারে দিয়ে তুমি ঢাক আপনার আলো     সকরুণ ছায়াটিতে॥ ২৩ জুন ১৯১২ The Heath [2] Holford Road Hampstead — গীতিমাল্য (1914)