তাঁরি হস্ত হতে নিয়ো তব দুঃখভার, হে দুঃখী,​​ হে দীনহীন। দীনতা তোমার ধরিবে ঐশ্বর্যদীপ্তি,​​ যদি নত রহে তাঁরি দ্বারে। আর কেহ নহে নহে নহে— তিনি ছাড়া আর কেহ নাই ত্রিসংসারে যার কাছে তব শির লুটাইতে পারে।   পিতৃরূপে রয়েছেন তিনি,​​ পিতৃ-মাঝে   নমি তাঁরে। তাঁহারি দক্ষিণ হস্ত রাজে   ন্যায়দণ্ড-’পরে,​​ নতশিরে লই তুলি   তাহার শাসন; তাঁরি চরণ-অঙ্গুলি   আছে মহত্ত্বের​​ ’পরে,​​ মহতের দ্বারে   আপনারে নম্র ক’রে পূজা করি তাঁরে।   তাঁরি হস্তস্পর্শরূপে করি অনুভব   মস্তকে তুলিয়া লই দুঃখের গৌরব। — নৈবেদ্য (1901)