৬৫ (কেউটিয়া সাপ।) বিষাগার শিরঃ হেরি মণ্ডিত কমলে তোর, যম-দূত, জন্মে বিস্ময় এ মনে! কোথায় পাইলি তুই,—কোন্ পুণ্য-বলে— সাজাতে কুচূড়া তোর্, হেন সুভূষণে? বড়ই অহিত-কারী তুই এ ভবনে। জীব-বংশ-ধ্বংস-রূপে সংসার-মণ্ডলে সৃষ্টি তোর। ছটফটি, কে না জানে, জ্বলে শরীর, বিষাগ্নি যবে জ্বালাস্ দংশনে?— কিন্তু তোর্‌ অপেক্ষা রে, দেখাইতে পারি, তীক্ষ্ণতর বিষধর অরি নর-কুলে! তোর সম বাহ্য-রূপে অতি মনোহারী,— তোর সম শিরঃ-শোভা রূপ-পদ্ম-ফুলে। কে সে? কবে কবি, শোন্! সে রে সেই নারী, যৌবনের মদে যে রে ধর্ম্ম-পথ ভুলে!