২৭ (সূর্য্য।) এখন ও আছে লোক দেশ দেশান্তরে দেব ভাবি পূজে তোমা, রবি দিনমণি, দেখি তোমা দিবামুখে উদয়-শিখরে, লুটায়ে ধরণীতলে, করে স্তুতি-ধ্বনি;– আশ্চর্য্যের কথা, সূর্য্য, এ না মনে গণি। অসীম মহিমা তব, যখন প্রখরে শোভ তুমি, বিভাবসু, মধ্যাহ্নে অম্বরে সমুজ্জ্বল করজালে আবরি মেদিনী। অসীম মহিমা তব, অসীম শকতি, হেম-জ্যোতিঃ-দাতা তুমি চন্দ্র-গ্রহ-দলে; উর্ব্বরা তোমার বীর্য্যে সতী বসুমতী; বারিদ, প্রসাদে তব, সদা পূর্ণ জলে;– কিন্তু কি মহিমা তাঁর, কহ, দিনপতি, কোটি রবি শোভে নিত্য যাঁর পদতলে!