২৮ (সীতাদেবী।) অনুক্ষণ মনে মোর পড়ে তব কথা, বৈদেহি! কখন দেখি, মুদিত নয়নে, একাকিনী তুমি, সতি, অশোক কাননে, চারি দিকে চেড়ীবৃন্দ, চন্দ্রকলা যথা আচ্ছন্ন মেঘের মাঝে! হায়, বহে বৃথা পদ্মাক্ষি, ও চক্ষুঃ হতে অশ্রু-ধারা ঘনে! কোথা দাশরথি শূর—কোথা মহারথী দেবর লক্ষ্মণ, দেবি, চিরজয়ী রণে? কি সাহসে, সুকেশিনি, হরিল তোমারে রাক্ষস? জানেনা মূঢ়, কি ঘটিবে পরে! রাহু-গ্রাহ-রূপ ধরি বিপত্তি আঁধারে জ্ঞান-রবি, যবে বিধি বিড়ম্বন করে! মজিবে এ রক্ষোবংশ, খ্যাত ত্রিসংসারে, ভূকম্পনে দ্বীপ যথা অতল সাগরে!