সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে অরুণ বরণ পারিজাত লয়ে হাতে। নিদ্রিত পুরী, পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে, বারেক থামিয়া, মোর বাতায়ন পানে চেয়েছিলে তব করুণ নয়নপাতে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। স্বপন আমার ভরেছিল কোন গন্ধে, ঘরের আঁধার কেঁপেছিল কি আনন্দে, ধূলায় লুটানো নীরব আমার বীণা বেজে উঠেছিল অনাহত কি আঘাতে। কতবার আমি ভেবেছিনু উঠি-উঠি, আলস ত্যজিয়া পথে বাহিরাই ছুটি, উঠিনু যখন তখন গিয়েছ চলে দেখা বুঝি আর হলনা তোমার সাথে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে॥ ১৭ জ্যৈষ্ঠ ১৩১৭ — গীতাঞ্জলি (1910)