হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ কি অমৃত তুমি চাহ করিবারে পান! আমার নয়নে তোমার বিশ্ব ছবি দেখিয়া লইতে সাধ যায় তব কবি! আমার মুগ্ধ শ্রবণে নীরব রহি শুনিয়া লইতে চাহ আপনার গান! হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ, কি অমৃত তুমি চাহ করিবারে পান! আমার চিত্তে তোমার সৃষ্টিখানি রচিয়া তুলিছে বিচিত্র এক বাণী। তারি সাথে প্রভু মিলিয়া তোমার প্রতি জাগায়ে তুলিছে আমার সকল গীতি, আপনারে তুমি দেখিছ মধুর রসে আমার মাঝারে নিজেরে করিয়া দান। হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ কি অমৃত চাহ তুমি করিবারে পান। ১৩ আষাঢ় ১৩১৭ — গীতাঞ্জলি (1910)