সুন্দর বটে তব অঙ্গদখানি    তারায় তারায় খচিত- স্বর্ণে রত্নে শোভন লোভন, জানি,    বর্ণে বর্ণে রচিত। খড়্‌গ তোমার আরো মনোেহর লাগে    বাঁকা বিদ্যুতে আঁকা সে, গরুড়ের পাখা রক্তরবির রাগে    যেন গো অস্ত-আকাশে। জীবনশেষের শেষ জাগরণসম    ঝলসিছে মহাবেদনা- নিমেষে দহিয়া যাহা কিছু আছে মম    তীব্র ভীষণ চেতনা। সুন্দর বটে তব অঙ্গদখানি    তারায় তারায় খচিত- খড়্‌গ তোমার, হে দেব বজ্রপাণি,    চরম শোভায় রচিত॥ ২৫ জুন ১৯১২ The Heath 2 Holford Road Hampstead — গীতিমাল্য (1914)