শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ-মাঝে অস্ত গেল; হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ংকরী। দয়াহীন সভ্যতানাগিনী তুলেছে কুটিল ফণা চক্ষের নিমেষে গুপ্ত বিষদন্ত তার ভরি তীব্র বিষে।   স্বার্থে স্বার্থে বেধেছে সংঘাত;​​ লোভে লোভে   ঘটেছে সংগ্রাম, প্রলয়মন্থনক্ষোভে   ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগি   পঙ্কশয্যা হতে। লজ্জা শরম তেয়াগি   জাতিপ্রেম নাম ধরি প্রচণ্ড অন্যায়   ধর্মেরে ভাসাতে চাহে বলের বন্যায়।   কবিদল চিৎকারিছে জাগাইয়া ভীতি   শ্মশান—কুক্কুরদের কাড়াকাড়ি-গীতি। — নৈবেদ্য (1901)