অল্প লইয়া থাকি তাই মোর       যাহা যায় তাহা যায়।     কণাটুকু যদি হারায় তা লয়ে       প্রাণ করে হায়-হায়। নদীতটসম কেবলি বৃথাই প্রবাহ আঁকড়ি রাখিবারে চাই, একে একে বুকে আঘাত করিয়া   ঢেউগুলি কোথা ধায়।     অল্প লইয়া থাকি তাই মোর       যাহা যায় তাহা যায়।       যাহা যায় আর যাহা কিছু থাকে       সব কিছু দিই সঁপিয়া তোমাকে       তবে নাহি ক্ষয়, সবি জেগে রয়         তব মহা মহিমায়। তোমাতে রয়েছে কত শশী ভানু, কভু না হারায় অণু পরমাণু, আমার ক্ষুদ্র হারাধনগুলি   রবে না কি তব পায়।     অল্প লইয়া থাকি তাই মোর       যাহা যায় তাহা যায়। — নৈবেদ্য (1901)