১৭ (কবিতা।) অন্ধ যে, কি রূপ কবে তার চক্ষে ধরে নলিনী? রোধিলা বিধি কর্ণ-পথ যার, লভে কি সে সুখ কভু বীণার সুস্বরে? কি কাক, কি পিকধ্বনি,—সম-ভাব তার! মনের উদ্যান-মাঝে, কুসুমের সার কবিতা-কুসুম-রত্ন! —দয়া করি নরে, কবি-মুখ-ব্রহ্ম-লোকে উরি অবতার বাণীরূপে বীণাপাণি এ নর-নগরে। – দুর্ম্মতি সে জন, যার মনঃ নাহি মজে কবিতা-অমৃত-রসে! হায়, সে দুর্ম্মতি, পুষ্পাঞ্জলি দিয়া সদা যে জন না ভজে ও চরণপদ্ম, পদ্মবাসিনি ভারতি। কর পরিমলময় এ হিয়া-সরোজে— তুষি যেন বিজ্ঞে, মা গো, এ মোর মিনতি।