২৯ (মহাভারত।) কল্পনা-বাহনে সুখে করি আরোহণ, উতরিনু, যথা বসি বদরীর তলে, করে বীণা, গাইছেন গীত কুতূহলে সত্যবতী-সুত কবি,—ঋষিকুল-ধন! শুনিনু গম্ভীর ধ্বনি; উন্মীলি নয়ন দেখিনু কৌরবেশ্বরে, মত্ত বাহুবলে; দেখিনু পবন-পুত্রে, ঝড় যথা চলে হুঙ্কারে! আইলা কর্ণ— সূর্য্যের নন্দন— তেজস্বী। উজ্জ্বলি যথা ছোটে অনম্বরে নক্ষত্র, আইলা ক্ষেত্রে পার্থ মহামতি, আলো করি দশদিশ, ধরি বাম করে গাণ্ডীব— প্রচণ্ড-দণ্ড-দাতা রিপু প্রতি। তরাসে আকুল হৈনু এ কাল সমরে, দ্বাপরে গোগৃহ-রণে উত্তর যেমতি।