ঠাস্‌ ঠাস্‌ দ্রুম দ্রাম্, শুনে লাগে খটকা— ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পট্‌কা! শাঁই শাঁই পন্‌পন্‌, ভয়ে কান্ বন্ধ— ওই বুঝি ছুটে যায় সে-ফুলের গন্ধ? হুড়মুড় ধুপ্‌ধাপ্‌— ওকি শুনি ভাই রে! দেখ্‌ছ না হিম পড়ে— যেও নাকো বাইরে। চুপ চুপ ঐ শোন্‌! ঝুপ্ ঝাপ্‌ ঝ—পাস! চাঁদ বুঝি ডুবে গেল?— গব্‌ গব্‌ গ—বাস! খ্যাঁশ্‌ খ্যাঁশ্‌ ঘ্যাঁচ্‌ ঘ্যাঁচ্‌, রাত কাটে ওই রে! দুড় দাড়্‌ চুরমার— ঘুম ভাঙে কই রে! ঘর্‌ঘর্‌ ভন্‌ ভন্‌ ঘোরে কত চিন্তা! কত মন নাচে শোন্‌— ধেই ধেই ধিন্‌তা! ঠুং ঠাং ঢং ঢং, কত ব্যথা বাজে রে— ফট্‌ ফট্‌ বুক ফাটে তাই মাঝে মাঝে রে! হৈ হৈ মার্ মার্ ‘বাপ্‌ বাপ্‌’ চিৎকার— মালকোঁচা মারে বুঝি? সরে পড়্ এইবার।