১৯ (সায়ংকাল।) চেয়ে দেখ, চলিছেন মৃদে অস্তাচলে দিনেশ, ছড়ায়ে স্বর্ণ, রত্ন রাশি রাশি আকাশে। কত বা যত্নে কাদম্বিনী আসি ধরিতেছে তা সবারে সুনীল আঁচলে! – কে না জানে অলঙ্কারে অঙ্গনা বিলাসী? অতি-ত্বরা গড়ি ধনী দৈব-মায়া-বলে বহুবিধ অলঙ্কার পরিবে লো হাসি,— কনক-কঙ্কণ হাতে, স্বর্ণ-মালা গলে! সাজাইবে গজ, বাজী; পর্ব্বতের শিরে সুবর্ণ কিরীট দিবে; বহাবে অম্বরে নদস্রোতঃ, উজ্জ্বলিত স্বর্ণবর্ণ নীরে! সুবর্ণের গাছ রোপি, শাখার উপরে হেমাঙ্গ বিহঙ্গ থোবে। –এ বাজী করি রে শুভ ক্ষণে দিনকর কর-দান করে।