২০ (সায়ংকালের তারা।) কার সাথে তুলনিবে, লো সুর-সুন্দরি, ও রূপের ছটা কবি এ ভব-মণ্ডলে? আছে কি লো হেন খনি, যার গর্ভে ফলে রতন তোমার মত, কহ, সহচরি গোধূলির? কি ফণিনী, যার সু-কবরী সাজায় সে তোমাসম মণির উজ্জ্বলে?— ক্ষণমাত্র দেখি তোমা নক্ষত্র-মণ্ডলে কি হেতু? ভাল কি তোমা বাসে না শর্ব্বরী? হেরি অপরূপ রূপ বুঝি ক্ষুন্ন মনে মানিনী রজনী রাণী, তেঁই অনাদরে না দেয় শোভিতে তোমা সখীদল-সনে, যবে কেলি করে তারা সুহাস-অম্বরে? কিন্তু কি অভাব তব, ওলো বরাঙ্গনে,— ক্ষণমাত্র দেখি মুখ, চির আঁখি স্মরে!