৭৫ (সাগরে তরি।) হেরিনু নিশায় তরি অপথ সাগরে, মহাকায়া, নিশাচরী, যেন মায়া-বলে, বিহঙ্গিনী-রূপ ধরি, ধীরে ধীরে চলে, রঙ্গে সুধবল পাখা বিস্তারি অম্বরে! রতনের চুড়া-রূপে শিরোদেশে জ্বলে দীপাবলী, মনোহরা নানা বর্ণ করে,— শ্বেত, রক্ত, নীল, পীত, মিশ্রিত পিঙ্গলে। চারি দিকে ফেনাময় তরঙ্গ সুস্বরে গাইছে আনন্দে যেন, হেরি এ সুন্দরী বামারে, বাখানি রূপ, সাহস, আকৃতি। ছাড়িতেছে পথ সবে আস্তে ব্যস্তে সরি, নীচ জন হেরি যথা ফুলের যুবতী। চলিছে গুমরে বামা পথ আলো করি, শিরোমণি-তেজে যথা ফণিনীর গতি।