হে জনসমুদ্র, আমি ভাবিতেছি মনে কে তোমারে আন্দোলিছে বিরাট মন্থনে অনন্ত বরষ ধরি’! দেব দৈত্য দলে কী রত্ন সন্ধান লাগি তোমার অতলে অশান্ত আবর্ত্ত নিত্য রেখেছে জাগায়ে পাপে পুণ্যে সুখে দুঃখে ক্ষুধায় তৃষ্ণায় ফেনিল কল্লোল-ভঙ্গে? ওগো দাও দাও কী আছে তোমার গর্ভে—এ ক্ষোভ থামাও তোমার অন্তর-লক্ষ্মী যে শুভ প্রভাতে উঠিবেন অমৃতের পাত্র বহি’ হাতে বিস্মিত ভুবন মাঝে, ল’য়ে বর-মালা ত্রিলোকনাথের কণ্ঠে পরাবেন বালা সেদিন হইবে ক্ষান্ত এ মহামন্থন, থেমে যাবে সমুদ্রের রুদ্র এ ক্রন্দন। (প্র—শ্রাবণ, ১৩১০) — পূরবী (1925)