৬০ (দুঃশাসন।) মেঘ-রূপ চাপ ছাড়ি, বজ্রাগ্নি যেমনে পড়ে পাহাড়ের শৃঙ্গে ভীষণ নির্ঘোষে; হেরি ক্ষেত্রে ক্ষত্র-গ্লানি দুষ্ট দুঃশাসনে, রৌদ্ররূপী ভীমসেন ধাইলা সরোষে;— পদাঘাতে বসুমতী কাঁপিলা সঘনে; বাজিল ঊরুতে অসি গুরু অসি-কোষে। যথা সিংহ সিংহনাদে ধরি মৃগে বনে কামড়ি প্রগাঢ়ে ঘাড় লহু-ধারা শোষে; বিদরি হৃদয় তার ভৈরব-আরবে, পান করি রক্ত-স্রোতঃ গর্জ্জিলা পাবনি। “মনাগ্নি নিবানু আমি আজি এ আহবে বর্ব্বর!—পাঞ্চালী সতী, পাণ্ডব-রমণী, তার কেশপাশ পর্শি, আকর্ষিলি যবে, কুরু-কুলে রাজলক্ষ্মী ত্যজিলা তখনি।”