রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে তোমায় আমায় দেখা হল সেই মোহানার ধারে। সেইখানেতে সাদায় কালোয় মিলে গেছে আঁধার-আলোয়, সেইখানেতে ঢেউ ছুটেছে। এপারে ঐপারে॥ নিতল নীল নীরব-মাঝে বাজল গভীর বাণী; নিকষেতে উঠল ফুটে সোনার রেখাখানি। মুখের পানে তাকাতে যাই দেখি-দেখি দেখতে না পাই, স্বপন-সাথে জড়িয়ে জাগা- কাঁদি আকুল ধারে॥ ১৫ আশ্বিন নিশীথে শান্তিনিকেতন — গীতিমাল্য (1914)