জানি নাই গো সাধন তোমার        বলে কারে। আমি ধুলায় বসে খেলেছি এই       তোমার দ্বারে।     অবোধ আমি ছিলেম ব’লে     যেমন খুশি এলেম চলে,     ভয় করি নি তোমায় আমি        অন্ধকারে॥ তোমার জ্ঞানী আমায় বলে কঠিন        তিরস্কারে,     “পথ দিয়ে তুই আসিস নি যে,        ফিরে যা রে।”     ফেরার পন্থা বন্ধ করে     আপনি বাঁধ বাহুর ডোরে,     ওরা আমায় মিথ্যা ডাকে        বারে বারে॥ ১ চৈত্র ১৩২০ শান্তিনিকেতন — গীতিমাল্য (1914)