কীর্তন সংসারে মন দিয়েছিনু, তুমি    আপনি সে মন নিয়েছ! সুখ ব’লে দুখ চেয়েছিনু, তুমি    দুখ ব’লে সুখ দিয়েছ! হৃদয় যাহার শতখানে ছিল     শত স্বার্থের সাধনে তাহারে কেমনে কুড়ায়ে আনিলে,     বাঁধিলে ভক্তিবাঁধনে সুখ সুখ ক’রে বারে বারে মোরে     কত দিকে কত খোঁজালে। তুমি যে আমার কত আপনার     এবার সে কথা বোঝালে। করুণা তোমার কোন্ পথ দিয়ে     কোথা নিয়ে যায় কাহারে! সহসা দেখিনু নয়ন মেলিয়ে     এনেছ তোমারি দুয়ারে! — কল্পনা (1900)