এ কি তবে সবই সত্য     হে আমার চিরভক্ত? আমার চোখের বিজুলি-উজ্বল আলোকে হৃদয়ে তোমার ঝঙ্কার মেঘ ঝলকে,      এ কি সত্য?   আমার মধুর অধর, বধূর    নবলাজসম রক্ত,    হে আমার চিরভক্ত,      এ কি সত্য? চিরমন্দার ফুটেছে আমার মাঝে কি? চরণে আমার বীণাঝঙ্কার বাজে কি?      এ কি সত্য? নিশির শিশির করে কি আমারে হেরিয়া? প্রভাত-আলোকে পুলক আমারে ঘেরিয়া,      এ কি সত্য?   তপ্তকপোল-পরশে অধীর    সমীর মদিরমত্ত,    হে আমার চিরভক্ত,      এ কি সত্য? কালো কেশপাশে দিবস লুকায় আঁধারে, মরণবাঁধন মোর দুই ভুজে বাঁধা রে,      এ কি সত্য? ভুবন মিলায় মোর অঞ্চলখানিতে, বিশ্ব নীরব মোর কণ্ঠের বাণীতে,      এ কি সত্য?   ত্রিভুবন লয়ে শুধু আমি আছি,     আছে মোর অনুরক্ত,     হে আমার চিরভক্ত,      এ কি সত্য? তোমার প্রণয় যুগে যুগে মোর লাগিয়া জগতে জগতে ফিরিতেছিল কি জাগিয়া?      এ কি সত্য? আমার বচনে নয়নে অধরে অলকে চিরজনমের বিরাম লভিলে পলকে,      এ কি সত্য?   মোর সুকুমার ললাটফলকে     লেখা অসীমের তত্ত্ব,     হে আমার চিরভক্ত,      এ কি সত্য? ১৩ আশ্বিন ১৩০৪ রেলপথ — কল্পনা (1900)