সাধু যবে স্বর্গে গেল চিত্রগুপ্তে ডাকি কহিলেন, ‘আনো মোর পুণ্যের হিসাব।’ চিত্রগুপ্ত খাতাখানি সম্মুখেতে রাখি দেখিতে লাগিল তার মুখের কী ভাব। সাধু কহে চমকিয়া, ‘মহা ভুল এ কী! প্রথমের পাতাগুলো ভরিয়াছ আঁকে, শেষের পাতায় এ যে সব শূন্য দেখি। যতদিন ডুবে ছিনু সংসারের পাঁকে ততদিন এত পুণ্য কোথা হতে আসে।’ শুনি কথা চিত্রগুপ্ত মনে মনে হাসে। সাধু মহা রেগে বলে, ‘যৌবনের পাতে এত পুণ্য কেন লেখ দেবপূজা-খাতে!’ চিত্রগুপ্ত হেসে বলে, ‘বড়ো শক্ত বুঝা। যারে বলে ভালোবাসা তারে বলে পূজা।’ ১৪ চৈত্র ১৩০২ — চৈতালি (1896)