যত ভালোবাসি, যত হেরি বড়ো ক’রে তত প্রিয়তমে, আমি সত্য হেরি তোরে। যত অল্প করি তোরে, তত অল্প জানি— কখনো হারায়ে ফেলি, কভু মনে আনি। আজি এ বসন্তদিনে বিকশিতমন হেরিতেছি আমি এক অপূর্ব স্বপন— যেন এ জগৎ নাহি, কিছু নাহি আর, যেন শুধু আছে এক মহাপারাবার; নাহি দিন, নাহি রাত্রি, নাহি দণ্ডপল, প্রলয়ের জলরাশি স্তব্ধ অচঞ্চল; যেন তারি মাঝখানে পূর্ণ বিকাশিয়া একমাত্র পদ্ম তুমি রয়েছ ভাসিয়া; নিত্যকাল মহাপ্রেমে বসি বিশ্বভূপ তোমা-মাঝে হেরিছেন আত্মপ্রতিরূপ। ২৮ চৈত্র, ১৩০২ — চৈতালি (1896)