গন্ধ এনেছে তীব্র নেশায় ফেনিল মদির, জোয়ার কি এল রক্ত নদীর? নইলে কখনো নিস্তার নেই বন্দীশালায়। সচরাচর কি সামনা সামনি ধুর্ত পালায়? কাজ নেই আর বল্লাল সেন-ই আমলে, মুক্তি পেয়েছি ধোঁয়াতে নিবিড় শ্যামলে, তোমাতে আমাতে চিরদিন চলে দ্বন্দ। ঠাণ্ডা হাওয়ায় তীব্র বাঁশির ছন্দ মনেরে জাগায় সাবধান হুঁশিয়ার! খুঁজে নিতে হবে পুরাতন হাতিয়ার পাণ্ড‌ুর পৃথিবীতে। আফিঙের ঘোর মেরু-বর্জিত শীতে বিষাক্ত আর শিথিল আবেষ্টনে তোমারে স্মরিছে মনে। সন্ধান করে নিত্য নিভৃত রাতে প্রতিদ্বন্দ্বী, উচ্ছল মদিরাতে॥ — পূর্বাভাস (1950)