দৃষ্টিহীন সন্ধ্যাবেলা শীতল কোমল অন্ধকার স্পর্শ ক’রে গেল মোরে। স্বপনের গভীর চুম্বন, ছন্দ-ভাঙা স্তব্ধতায় ভ্রান্তি এনে দিল চিরন্তন, অহর্নিশি চিন্তা মোর বিক্ষুব্ধ হয়েছে; প্রতিবার স্নায়ুতে স্নায়ুতে দেখি অন্ধকারে মৃত্যুর বিস্তার। মুহূর্ত-কম্পিত-আমি বন্ধ করি অলৌকিক গান, প্রচ্ছন্ন স্বপন মোর আক্ষরিক মিথ্যার পাষাণ; কঠিন প্রলুব্ধ চিন্তা নগরীতে নিষ্ফল আমার। তবু চাই রুদ্ধতায় অলোকের আদিম প্রকাশ, পৃথিবীর গন্ধ নেই এমন দিবস বারোমাস। আবার জাগ্রত মোর দুষ্ট চিন্তা নিগূঢ় ইঙ্গিতে; ভূঁইচাপা সুরভির মরণ অস্তিত্বময় নয়, তার সাথে কল্পনার কখনো হবে না পরিচয়; তবু যেন আলো আর অন্ধকার মোর চারিভিতে॥ — পূর্বাভাস (1950)