হে নির্ব্বাক্‌ অচঞ্চল পাষাণ-সুন্দরী, দাঁড়ায়ে রয়েছ তুমি কত বর্ষ ধরি’ অনম্বরা অনাসক্তা চির একাকিনী আপন সৌন্দর্য্য ধ্যানে দিবস যামিনী তপস্যা-মগনা। সংসারের কোলাহল তোমারে আঘাত করে নিয়ত নিস্ফল,- জন্ম মৃত্যু দুঃখ সুখ অন্ত অভ্যুদয় তরঙ্গিত চারিদিকে চরাচরময়, তুমি উদাসিনী! মহাকাল পদতলে মুগ্ধনেত্রে ঊর্দ্ধমুখে রাত্রিদিন বলে “কথা কও, কথা কও, কথা কও প্রিয়ে, কথা কও, মৌন বধু, রয়েছি চাহিয়ে!” তুমি চির বাক্যহীন, তব মহাবাণী পাষাণে আবদ্ধ, ওগো সুন্দরী পাষাণী! ২৪ মাঘ, ১৩০২। — চিত্রা (1896)