শত বার ধিক্‌ আজি আমারে, সুন্দরী, তোমারে হেরিতে চাহি এত ক্ষুদ্র করি। তোমার মহিমাজ্যোতি তব মূর্তি হতে আমার অন্তরে পড়ি ছড়ায় জগতে। যখন তোমার ’পরে পড়ে নি নয়ন জগৎ-লক্ষ্মীর দেখা পাই নি তখন। স্বর্গের অঞ্জন তুমি মাখাইলে চোখে, তুমি মোরে রেখে গেছ অনন্ত এ লোকে। এ নীল আকাশ এত লাগিত কি ভালো, যদি না পড়িত মনে তব মুখ-আলো? অপরূপ মায়াবলে তব হাসি-গান বিশ্বমাঝে লভিয়াছে শত শত প্রাণ। তুমি এলে আগে আগে দীপ লয়ে করে, তব পাছে পাছে বিশ্ব পশিল অন্তরে। ২৮ চৈত্র, ১৩০২ — চৈতালি (1896)