অয়ি তন্বী ইছামতী, তব তীরে তীরে শান্তি চিরকাল থাক্ কুটিরে কুটিরে— শস্যে পূর্ণ হোক ক্ষেত্র তব তটদেশে। বর্ষে বর্ষে বরষায় আনন্দিত বেশে ঘনঘোর ঘটা-সাথে বজ্রবাদ্যরবে পূর্ববায়ু-কল্লোলিত তরঙ্গ-উৎসবে তুলিয়া আনন্দধ্বনি দক্ষিণে ও বামে আশ্রিত পালিত তব দুই-তট-গ্রামে সমারোহে চলে এসো শৈলগৃহ হতে সৌভাগ্যে শোভায় গর্বে উল্লসিত স্রোতে। যখন রব না আমি, রবে না এ গান, তখনো ধরার বক্ষে সঞ্চরিয়া প্রাণ, তোমার আনন্দগাথা এ বঙ্গে, পার্বতী, বর্ষে বর্ষে বাজিবেক অয়ি ইছামতী। ১৪ শ্রাবণ, ১৩০৩ — চৈতালি (1896)