কালাড়া আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা, তব নবপ্রভাতের নবীনশিশির ঢালা।  শরমে জড়িত কত-না গোলাপ    কত-না গরবী করবী  কত-না কুসুম ফুটেছে তোমার    মালঞ্চ করি আলা। আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা।  অমল শরত-শীতল-সমীর    বহিছে তোমার কেশে,  কিশোর অরুণ-কিরণ তোমার    অধরে পড়েছে এসে।  অঞ্চল হতে বনপথে ফুল    যেতেছে পড়িয়া ঝরিয়া,  অনেক কুন্দ অনেক শেফালি    ভরেছে তোমার ডালা। আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা। ১০ আশ্বিন ১৩০৪ নাগর নদী — কল্পনা (1900)