৫৭            তব সিংহাসনের আসন হতে                  এলে তুমি নেমে,            মোর বিজন ঘরের দ্বারের কাছে                  দাঁড়ালে নাথ থেমে।     একলা বসে আপন মনে       গাইতেছিলেম গান,     তোমার কানে গেল সে সুর       এলে তুমি নেমে,— মোর বিজন ঘরের দ্বারের কাছে       দাঁড়ালে নাথ থেমে।            তোমার সভায় কত না গান                  কতই আছেন গুণী;            গুণহীনের গানখানি আজ                  বাজ‍্ল তোমার প্রেমে।     লাগ‍্ল বিশ্ব তানের মাঝে       একটি করুণ স্বর,     হাতে লয়ে বরণমালা       এলে তুমি নেমে, মোর বিজন ঘরের দ্বারের কাছে       দাঁড়ালে নাথ থেমে॥ ২৭ চৈত্র, ১৩১৬ — গীতাঞ্জলি (1910)