তোমারে বলেছে যারা, পুত্র হতে প্রিয়, বিত্ত হতে প্রিয়তর,​​ যা-কিছু আত্মীয় সব হতে প্রিয়তম নিখিল ভুবনে, আত্মার অন্তরতর— তাঁদের চরণে পাতিয়া রাখিতে চাহি হৃদয় আমার।   সে সরল শান্ত প্রেম গভীর উদার—   সে নিশ্চিত নিঃসংশয়,সেই সুনিবিড়   সহজ মিলনাবেগ,​​ সেই চিরস্থির   আত্মার একাগ্র লক্ষ্য,​​ সেই সর্ব কাজে   সহজেই সঞ্চরণ সদা তোমা-মাঝে   গম্ভীর প্রশান্ত চিত্তে,​​ হে অন্তরযামী,   কেমনে করিব লাভ।​​ পদে পদে আমি   প্রেমের প্রবাহ তব সহজ বিশ্বাসে   অন্তরে টানিয়া লব নিশ্বাসে নিশ্বাসে। — নৈবেদ্য (1901)