এ কথা মানিব আমি,​​ এক হতে দুই কেমনে যে হতে পারে জানি না কিছুই। কেমনে যে কিছু হয়,​​ কেহ হয় কেহ, কিছু থাকে কোনোরূপে,​​ কারে বলে দেহ, কারে বলে আত্মা মন,​​ বুঝিতে না পেরে চিরকাল নিরখিব বিশ্বজগতেরে নিস্তব্ধ নির্বাক্‌ চিত্তে।           বাহিরে যাহার   কিছুতে নারিব যেতে, আদি অন্ত তার,   অর্থ তার,​​ তত্ত্ব তার,​​ বুঝিব কেমনে   নিমেষের তরে।​​ এই শুধু জানি মনে   সুন্দর সে,​​ মহান সে,​​ মহা ভয়ংকর,   বিচিত্র সে,​​ অজ্ঞেয় সে,​​ মম মনোহর।     ইহা জানি,​​ কিছুই না জানিয়া অজ্ঞাতে     নিখিলের চিত্তস্রোত ধাইছে তোমাতে। — নৈবেদ্য (1901)