প্রবাসের দিন মোর পরিপূর্ণ করি’ দিলে, নারী, মাধুর্য্য সুধায়; কত সহজে করিলে আপনারি দূর-দেশী পথিকেরে; যেমন সহজে সন্ধ্যাকাশে আমার অজানা তারা স্বর্গ হ’তে স্থির স্নিগ্ধ হাসে আমারে করিল অভ্যর্থনা; নির্জ্জন এ বাতায়নে একেলা দাঁড়ায়ে যবে চাহিলাম দক্ষিণ গগনে ঊৰ্দ্ধ হ’তে একতানে এলো প্রাণে আলোকেরি বাণী,— শুনিনু গম্ভীর স্বর, “তোমারে যে জানি মোরা জানি; আঁধারের কোল হ’তে যেদিন কোলেতে নিলো ক্ষিতি মোদের অতিথি তুমি, চিরদিন আলোর অতিথি।” তেমনি তারার মত মুখে মোর চাহিলে, কল্যাণী, কহিলে তেমনি স্বরে, “তোমারে যে জানি আমি জানি।” জানি না তো ভাষা তব, হে নারী, শুনেছি তব গীতি, “প্রেমের অতিথি কবি, চিরদিন আমারি অতিথি।” বুয়েনোস্ এয়ারিস্, ১৫ নভেম্বর, ১৯২৪। — পূরবী (1925)