গানগুলি বেদনার খেলা যে আমার,     কিছুতে ফুরায় না সে আর।   যেখানে স্রোতের জল পীড়নের পাকে     আবর্তে ঘুরিতে থাকে,—   সূর্যের কিরণ সেথা নৃত্য করে;—     ফেন-পুঞ্জ স্তরে স্তরে        দিবারাতি     রঙের খেলায় ওঠে মাতি।   শিশু রুদ্র হাসে খল খল,         দোলে টল মল            লীলাভরে।   প্রচণ্ডের সৃষ্টিগুলি প্রহরে প্রহরে   ওঠে পড়ে আসে যায় একান্ত হেলায়,       নিরর্থ খেলায়। গানগুলি সেই-মতো বেদনার খেলা যে আমার,     কিছুতে ফুরায় না সে আর॥ আণ্ডসে্ জাহাজ, ৭ নভেম্বর, ১৯২৪। — পূরবী (1925)