অনেককালের যাত্রা আমার     অনেক দূরের পথে, প্রথম বাহির হয়েছিলেম     প্রথম-আলোর রথে। গ্রহে তারায় বেঁকে বেঁকে পথের চিহ্ন এলেম এঁকে কত যে লোক-লোকান্তরের     অরণ্যে পর্বতে॥ সবার চেয়ে কাছে আসা     সবার চেয়ে দূর। বড়ো কঠিন সাধনা, যার     বড়ো সহজ সুর। পরের দ্বারে ফিরে, শেষে আসে পথিক আপন দেশে- বাহির-ভুবন ঘুরে মেলে     অন্তরের ঠাকুর॥ ‘এই যে তুমি’ এই কথাটি     বলব আমি ব’লে কত দিকেই চোখ ফেরালেম      কত পথেই চ’লে। ভরিয়ে জগৎ লক্ষ ধারায় ‘আছ-আছ’র স্রোত বহে যায় ‘কই তুমি কই’ এই কাঁদনের।      নয়ন-জলে গ’লে। ২৪ চৈত্র ১৩১৮ শিলাইদহ — গীতিমাল্য (1914)