জীবন-স্রোতে ঢেউয়ের ’পরে       কোন্ আলো ঐ বেড়ায় দুলে।   ক্ষণে ক্ষণে দেখি যে তাই       বসে বসে বিজন কূলে।   ভাসে তবু যায় না ভেসে,   হাসে আমার কাছে এসে-   দু হাত বাড়াই, ঝাঁপ দিতে চাই,       মনে করি আনব তুলে॥   শান্ত হ রে শান্ত হ মন,       ধরতে গেলে দেয় না ধরা—   নয় সে মণি, নয় সে মানিক,       নয় সে কুসুম ঝরে-পড়া।   দূরে-কাছে আগে-পাছে   মিলিয়ে আছে, ছেয়ে আছে—   জীবন হতে ছানিয়ে তারে।       তুলতে গেলে মরবি ভুলে॥ ১৫ পৌষ ১৩২০ শান্তিনিকেতন — গীতিমাল্য (1914)