নির্ভয় আমরা দুজনা স্বৰ্গ-খেলনা     গড়িব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে।     পঞ্চশরের বেদনা-মাধুরী দিয়ে     বাসর রাত্রি রচিব না মোরা, প্রিয়ে; ভাগ্যের পায়ে দুর্ব্বল প্রাণে     ভিক্ষা না যেন যাচি। কিছু নাই ভয়, জানি নিশ্চয়     তুমি আছ, আমি আছি। উড়াবো উর্দ্ধে প্রেমের নিশান     দুর্গম পথ মাঝে দুর্দ্দম বেগে, দুঃসহতম কাজে।     রুক্ষ দিনের দুঃখ পাই তো পাবো, চাই না শান্তি, সান্ত্বনা নাহি চাবো   পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি,     ছিন্ন পালের কাছি,   মৃত্যুর মুখে দাঁড়ায়ে জানিব     তুমি আছ, আমি আছি। দুজনের চোখে দেখেছি জগৎ,   দোঁহারে দেখেছি দোঁহে,—   মরু পথ তাপ দুজনে নিয়েছি স’হে ছুটিনি মোহন মরীচিকা পিছে পিছে, ভুলাইনি মন সত্যেরে করি’ মিছে—   এই গৌরবে চলিব এ ভবে   যত দিন দোঁহে বাঁচি। এ-বাণী প্রেয়সী হোক্ মহীয়সী   তুমি আছ, আমি আছি। ৩১ শ্রাবণ, ১৩৩৫ — মহুয়া (1929)