“হ্যাঁরে হ্যাঁরে তুই নাকি কাল, সাদাকে বল্‌ছিলি লাল? (আর) সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছি’স বিশ্রী সুরে? (আর) তোদের পোষা বেড়ালগুলো শুনছি নাকি বেজায় হুলো? (আর) এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি? ক্যান্ রে ব্যাটা ইস্‌টুপিড? ঠেঙিয়ে তোরে কর্‌ব ঢিট্!” ”চোপরাও তুম্ স্পিক্‌টি নট্, মার্‌ব রগে পটাপট্— ফের যদি ট্যারাবি চোখ কিম্বা আবার কর্‌বি রোখ, কিম্বা যদি অম্‌নি করে মিথ্যেমিথ্যি চ্যাঁচাস জোরে— আই ডোণ্ট কেয়ার্‌ কানাকড়ি—জানিস্ আমি স্যাণ্ডো করি? ফের লাফাচ্ছিস্? অল্‌রাইট্ কামেন্ ফাইট্‌! কামেন্ ফাইট্‌!" “ঘুঘু দেখেছ, ফাঁদ দেখ নি, টেরটা পাবে আজ এখনি। আজকে যদি থাক্‌ত মামা পিটিয়ে তোমায় কর্‌ত ঝামা। আরে! আরে! মার্‌বি নাকি? দাঁড়া একটা পু্‌লিশ ডাকি! হাঁহাঁহাঁহাঁ! রাগ ক’রো না, কর্‌তে চাও কি তাই বল না?” “হ্যাঁ হ্যাঁ তাতো সত্যি বটেই আমি তো চটি নি মোটেই! মিথ্যে কেন লড়তে যাবি? ভেরি-ভেরি সরি, মসলা খাবি? ‘শেক্হ্যাণ্ড’ আর ‘দাদা’ বল সব শোধ বোধ ঘরে চল। ডোণ্ট পরোয়া অল্ রাইট্ হাউ ডুয়ুডু গুড্ নাইট্‌।”