মনে হয় একদিন আকাশের শ‍ুকতারা দেখিব না আর; দেখিব না হেলেঞ্চার ঝোপ থেকে এক ঝাড় জোনাকি কখন নিভে যায়;—দেখিব না আর আমি পরিচিত এই বাঁশবন, শ‍ুকনো বাঁশের পাতা-ছাওয়া মাটি হয়ে যাবে গভীর আঁধার আমার চোখের কাছে;—লক্ষ্মীপূর্ণিমার রাতে সে কবে আবার পেঁচা ডাকে জ্যোৎস্নায়;—হিজলের বাঁকা ডাল করে গ‍ুঞ্জরণ; সারা রাত কিশোরীর লাল পাড় চাঁদে ভাসে—হাতের কাঁকন বেজে ওঠে: বুঝিব না—গঙ্গাজল, নারকোলনাড়ুগ‍ুলো তার জানি না সে কারে দেবে—জানি না সে চিনি আর শাদা তালশাঁস হাতে লয়ে পলাশের দিকে চেয়ে দুয়ারে দাঁড়ায়ে র’বে কি না... আবার কাহার সাথে ভালোবাসা হবে তার— আমি তা জানি না;— মৃত্যুরে কে মনে রাখে?...কীর্তিনাশা খুঁড়ে খুঁড়ে চলে বারো মাস নতুন ডাঙার দিকে—পিছনের অবিরল মৃত চর বিনা দিন তার কেটে যায়—শ‍ুকতারা নিভে গেলে কাঁদে কি আকাশ? — রূপসী বাংলা (1957)