মহারাজ ক্ষণেক দর্শন দিতে হবে তোমার নির্জন ধামে। সেথা ডেকে লবে সমস্ত আলোক হতে তোমার আলোতে আমারে একাকী—সর্ব সুখদুঃখ হতে সর্ব সঙ্গ হতে, সমস্ত এ বসুধার কর্মবন্ধ হতে। দেব, মন্দিরে তোমার পশিয়াছি পৃথিবীর সর্ব যাত্রী-সনে, দ্বার মুক্ত ছিল যবে আরতির ক্ষণে।   দীপাবলী নিবাইয়া চলে যাবে যবে   নানা পথে নানা ঘরে পূজকেরা সবে,   দ্বার রুধ হয়ে যাবে; শান্ত অন্ধকার   আমারে মিলায়ে দিবে চরণে তোমার।     একখানি জীবনের প্রদীপ তুলিয়া     তোমারে হেরিব একা ভুবন ভুলিয়া। — নৈবেদ্য (1901)