মধ্যাহ্নে নগর-মাঝে পথ হতে পথে কর্মবন্যা ধায় যবে উচ্ছলিত স্রোতে শত শাখা-প্রশাখায়— নগরের নাড়ী উঠে স্ফীত তপ্ত হয়ে, নাচে সে আছাড়ি পাষাণভিওির ’পরে— চৌদিকে আকুলি ধায় পান্থ, ছুটে রথ, উড়ে শুষ্ক ধুলি   তখন সহসা হেরি মুদিয়া নয়ন   মহাজনারণ্য-মাঝে অনন্ত নির্জন   তোমার আসনখানি— কোলাহল-মাঝে   তোমার নিঃশব্দ সভা নিস্তব্ধে বিরাজে।   সব দুঃখে, সব সুখে, সব ঘরে ঘরে,   সব চিত্তে সব চিন্তা সব চেষ্টা-’পরে   যত দূর দৃষ্টি যায় শুধু যায় দেখা   হে সঙ্গবিহীন দেব, তুমি বসি একা। — নৈবেদ্য (1901)