৮২ তব প্রেমে ধন্য তুমি করেছ আমারে প্রিয়তম। তবু শুধু মাধুর্য-মাঝারে চাহি না নিমগ্ন করে রাখিতে হৃদয়। আপনি যেথায় ধরা দিলে​​ স্নেহময়, বিচিত্র সৌন্দর্যডোরে, কত স্নেহে প্রেমে, কত রূপে— সেথা আমি রহিব না থেমে তোমার প্রণয়-অভিমানে। চিত্তে মোর জড়ায়ে বাঁধিব নাকো সন্তোষের ডোর।   আমার অতীত তুমি যেথা,​​ সেইখানে   অন্তরাত্মা ধায় নিত্য অনন্তের টানে   সকল বন্ধন-মাঝে— যেথায় উদার   অন্তহীন শক্তি আর মুক্তির বিস্তার।     তোমার মাধুর্য যেন বেঁধে নাহি রাখে,     তব ঐশ্বর্যের পানে টানে সে আমাকে। — নৈবেদ্য (1901)