কথা ছিল এক-তরীতে কেবল তুমি আমি    যাব অকারণে ভেসে কেবল ভেসে;  ত্রিভুবনে জানবেনা কেউ আমরা তীর্থগামী  কোথায় যেতেছি কোন্ দেশে সে কোন্ দেশে?     কূলহারা সেই সমুদ্রমাঝখানে     শোনাব গান একলা তোমার কানে,     ঢেউয়ের মতন ভাষা-বাঁধন হারা  আমার সেই রাগিণী শুনবে নীরব হেসে।     আজো সময় হয়নি কি তার, কাজ কি আছে বাকি?      ওগো ঐ যে সন্ধ্যা নামে সাগরতীরে।     মলিন আলোয় পাখা মেলে সিন্ধুপারের পাখী      আপন কুলায় মাঝে সবাই এল ফিরে।        কখন তুমি আসবে ঘাটের পরে        বাঁধনটুকু কেটে দেবার তরে?        অস্তরবির শেষ আলোটির মত      তরী নিশীথমাঝে যাবে নিরুদ্দেশে! ৩০ জ্যৈষ্ঠ ১৩১৭ — গীতাঞ্জলি (1910)