আজি বসন্ত জাগ্রত দ্বারে।   তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে     কোরোনা বিড়ম্বিত তারে।         আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,         আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো,            এই সঙ্গীত-মুখরিত গগনে                তব গন্ধ তরঙ্গিয়া তুলিয়ে।            এই বাহির ভুবনে দিশা হারায়ে            দিয়ো ছড়ায়ে মাধুরী ভারে ভারে। অতি নিবিড় বেদন বনমাঝেরে আজি পল্লবে পল্লবে বাজে রে,— দূরে গগনে কাহার পথ চাহিয়া আজি ব্যাকুল বসুন্ধরা সাজেরে।          মোর পরাণে দখিন বায়ু লাগিছে,          কারে দ্বারে দ্বারে কর হানি মাগিছে,             এই সৌরভ-বিহবল রজনী               কার চরণে ধরণীতলে জাগিছে?          ওগো সুন্দর, বল্লভ, কান্ত,          তব গম্ভীর আহবান কারে? ২৭ চৈত্র, ১৩১৬ — গীতাঞ্জলি (1910)