কোরো না কোরো না লজ্জা হে ভারতবাসী, শক্তিমদমত্ত ওই বণিক বিলাসী ধনদৃপ্ত পশ্চিমের কটাক্ষসম্মুখে শুভ্র উত্তরীয় পরি শান্ত সৌম্যমুখে সরল জীবনখানি করিতে বহন।   শুনো না কী বলে তারা;​​ তব শ্রেষ্ঠ ধন   থাকুক হৃদয়ে তব,​​ থাক্‌ তাহা ঘরে,   থাক্‌ তাহা সুপ্রসন্ন ললাটের​​ ’পরে   অদৃশ্য মুকুট তব। দেখিতে যা বড়ো,   চক্ষে যাহা স্তূপাকার হইয়াছে জড়ো,   তারি কাছে অভিভূত হয়ে বারে বারে   লুটায়ো না আপনায়। স্বাধীন আত্মারে   দারিদ্র্যের​​ সিংহাসনে​​ করো​​ প্রতিষ্ঠিত   রিক্ততার অবকাশে পূর্ণ করি চিত। — নৈবেদ্য (1901)