মুক্ত করো,​​ মুক্ত করো নিন্দাপ্রশংসার দুশ্ছেদ্য শৃঙ্খল হতে। সে কঠিন ভার যদি খসে যায় তবে মানুষের মাঝে সহজে ফিরিব আমি সংসারের কাজে— তোমারি আদেশ শুধু জয়ী হবে নাথ। তোমার চরণপ্রান্তে করি প্রণিপাত তব দণ্ড পুরস্কার অন্তরে গোপনে লইব নীরবে তুলি—           নিঃশব্দ গমনে   চলে যাব কর্মক্ষেত্র-মাঝখান দিয়া   বহিয়া অসংখ্য কাজে একনিষ্ঠ হিয়া,   সঁপিয়া অব্যর্থ গতি সহস্র চেষ্টায়   এক নিত্য ভক্তিবলে,​​ নদী যথা ধায়   লক্ষ লোকালয়-মাঝে নানা কর্ম সারি   সমুদ্রের পানে লয়ে বন্ধহীন বারি। — নৈবেদ্য (1901)