৪৯ (বিজয়া-দশমী।) ‘যেয়ো না, রজনি, আজি লয়ে তারদিলে! ‘গেলে তুমি, দয়াময়ি, এ পরাণ যাবে! — ‘উদিলে নির্দ্দয় রবি উদয়-অচলে, ‘নয়নের মণি মোর নয়ন হারাবে! ‘বার মাস তিতি, সতি, নিত্য অশ্রুজলে, ‘পেয়েছি তোমায় আমি! কি সান্ত্বনা-ভাবে— ‘তিনটি দিনেতে, কহ, লো তারা-কুন্তলে, ‘এ দীর্ঘ বিরহ-জ্বালা এ মন জুড়াবে? ‘তিন দিন স্বর্ণ দীপ জ্বলিতেছে ঘরে ‘দূর করি অন্ধকার; শুনিতেছি বাণী— ‘মিষ্টতম এ সৃষ্টিতে এ কর্ণ-কুহরে! ‘দ্বিগুণ আঁধার ঘর হবে, আমি জানি, ‘নিবাও এ দীপ যদি!’—কহিলা কাতরে নবমীর নিশা-শেষে গিরীশের রাণী।