কার হাতে এই মালা তোমার পাঠালে আজ ফাগুন-দিনের সকালে।   তার বর্ণে তোমার নামের রেখা,        গন্ধে তোমার ছন্দ লেখা,    সেই মালাটি বেঁধেছি মোর কপালে        আজ ফাগুন-দিনের সকালে॥   গানটি তোমার চলে এল আকাশে আজ ফাগুন-দিনের বাতাসে।   ওগো আমার নামটি তোমার সুরে        কেমন করে দিলে জুড়ে    লুকিয়ে তুমি ওই গানেরি আড়ালে,        আজ ফাগুন-দিনের সকালে॥ ১৮ ফাল্গুন ১৩২০ শান্তিনিকেতন — গীতিমাল্য (1914)