বিদ্‌ঘুটে রাত্তিরে ঘুট্‌ঘুটে ফাঁকা, গাছপালা মিশ্‌মিশে মখ্‌মলে ঢাকা, জট্‌বাঁধা ঝুল কালো বটগাছতলে, ধক্‌ধক্‌ জোনাকির চক্‌মকি জ্বলে, চুপচাপ চারিদিকে ঝোপঝাড়গুলো, আয় ভাই গান গাই আয় ভাই হুলো। গীত গাই কানে কানে চীৎকার ক’রে, কোন্‌ গানে মন ভেজে শোন্ বলি তোরে। পুবদিকে মাঝরাতে ছোপ্ দিয়ে রাঙা রাতকানা চাঁদ ওঠে আধখানা ভাঙা। চট্ ক’রে মনে পড়ে মট্‌কার কাছে মালপোয়া আধখানা কাল থেকে আছে। দুড়্ দুড়্ ছুটে যাই, দূর থেকে দেখি প্রাণপণে ঠোঁট চাটে কানকাটা নেকী! গালফোলা মুখে তার মালপোয়া ঠাসা ধুক ক’রে নিভে গেল বুকভরা আশা; মন বলে আর কেন সংসারে থাকি বিল্‌কুল্ সব দেখি ভেল্‌কির ফাঁকি। সব যেন বিচ্ছিরি সব যেন খালি, গিন্নীর মুখ যেন চিম্‌নির কালি। মন-ভাঙা দুখ্ মোর কণ্ঠেতে পুরে গান গাই আয় ভাই প্রাণফাটা সুরে।